উচ্চ সুদহার ও তারল্য সংকটে সারা বছর চাপে ছিল ব্যাংক খাত — বাংলাদেশ ব্যাংক

Home Page » অর্থ ও বানিজ্য » উচ্চ সুদহার ও তারল্য সংকটে সারা বছর চাপে ছিল ব্যাংক খাত — বাংলাদেশ ব্যাংক
সোমবার ● ২৫ মে ২০২৬


উচ্চ সুদহার ও তারল্য সংকটে সারা বছর চাপে ছিল ব্যাংক খাত

উচ্চ সুদহার ও কঠোর মুদ্রানীতির প্রভাব ২০২৪-২৫ অর্থবছরজুড়ে দেশের ব্যাংক খাতের আর্থিক স্থিতিশীলতাকে চাপে ফেলেছে। বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তারল্যসংকট, দুর্বল সম্পদমান এবং মূলধন ঘাটতির চাপ পুরো অর্থবছর ধরে অব্যাহত ছিল।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক অর্থবছরজুড়ে কঠোর মুদ্রানীতি অনুসরণ করে। তবে এর ফলে ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা জটিল হয়ে পড়ে এবং ঋণের সুদহার বেড়ে যাওয়ায় সামগ্রিক আর্থিক খাতে নতুন চাপ তৈরি হয়।
বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘ সময় ধরে উচ্চ সুদহার বজায় থাকায় একদিকে ব্যবসা ও বিনিয়োগে ঋণের চাহিদা কমেছে, অন্যদিকে অনেক ঋণগ্রহীতার ঋণ পরিশোধের সক্ষমতাও দুর্বল হয়েছে। এতে খেলাপি ঋণের ঝুঁকি আরও বেড়েছে এবং ব্যাংকগুলোর তহবিল ব্যবস্থাপনা ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মূল্যায়নে দেখা গেছে, চ্যালেঞ্জপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতার একাধিক সূচক দুর্বল অবস্থায় ছিল। বিশেষ করে খেলাপি ঋণ বৃদ্ধি, প্রভিশন সংরক্ষণে ঘাটতি এবং মূলধন পর্যাপ্ততার শর্ত পূরণে ব্যর্থতা ব্যাংকগুলোর আর্থিক ভিত্তিকে নড়বড়ে করে তুলেছে। কয়েকটি ব্যাংক নির্ধারিত ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও পূরণ করতে পারেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যমান চাপের মধ্যেও ব্যাংক খাত অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা অব্যাহত রেখেছে। তবে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যাংক খাতে সুশাসন, তদারকি ও ঝুঁকি ব্যবস্থাপনা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতি কাঠামোর উন্নয়ন এবং আর্থিক খাতের সংস্কার কার্যক্রম মধ্যমেয়াদে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা পুনরুদ্ধারে সহায়ক হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:১৫:৪৯ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ