বঙ্গনিউজ: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গৃহীত শোকপ্রস্তাবের অনুলিপি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানোর অনুরোধ জানিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা। গত ২ জুন বিধানসভার প্রধান সচিব সৌমেন্দ্র নাথ দাস স্বাক্ষরিত এক চিঠিতে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনকে এই অনুরোধ জানানো হয়। চিঠিটি ইতোমধ্যে উপ-হাইকমিশনারের দপ্তরে পৌঁছেছে।
শোকপ্রস্তাবে খালেদা জিয়াকে বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা এবং তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, তিনি দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির নেতৃত্ব দিয়েছেন এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ ছাড়াও নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার অবদানের কথা স্মরণ করা হয়। তাকে একজন প্রকৃত গণতন্ত্রী এবং সমকালীন দক্ষিণ এশিয়ার রাজনীতির প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করে শোকপ্রস্তাবে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বিধানসভা সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি অধিবেশনের কার্যবিবরণী থেকে সংশ্লিষ্ট অংশের অনুলিপি চিঠির সঙ্গে যুক্ত করা হয়েছে। ওই অধিবেশনে স্পিকার খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন। এরপর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিধানসভার সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। শোকপ্রস্তাব গ্রহণের প্রায় চার মাস পর তা পরিবারের কাছে পৌঁছানোর জন্য এই প্রশাসনিক সহায়তা চাওয়া হয়েছে।