বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬

সীমিত সম্পদে সবাইকে স্বস্তি দিতেই এই বাজেট’ — অর্থমন্ত্রী আমির খসরু

Home Page » জাতীয় » সীমিত সম্পদে সবাইকে স্বস্তি দিতেই এই বাজেট’ — অর্থমন্ত্রী আমির খসরু
বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬


অর্থমন্ত্রী আমির খসরু

সীমিত সম্পদের মধ্যেও দেশের সব মানুষকে স্বস্তি দেওয়াই এবারের বাজেটের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সকাল ১০টায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের আগে জাতীয় সংসদ ভবনে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে। ফলে জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষাও অনেক বেশি। সেই প্রত্যাশা ও ভবিষ্যৎ লক্ষ্যকে সামনে রেখেই বাজেট প্রণয়নের চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি।

আমির খসরু বলেন, “যতটুকু সামর্থ্য রয়েছে, তার মধ্যেই বাজেট করতে হয়েছে। একটি বিধ্বস্ত ও ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে স্থিতিশীলতার পথে নিয়ে গিয়ে আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্য অর্জনের একটি প্রচেষ্টা এই বাজেটে প্রতিফলিত হয়েছে।”

এই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো দেশের সব নাগরিককে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, জাতীয় ও অর্থনৈতিক কার্যক্রমে সবাই যেন অংশ নিতে পারে এবং অর্থনৈতিক উন্নয়নের সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছায়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্য নিয়েই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও সবাইকে সঙ্গে নিয়ে এই বাজেট বাস্তবায়নের চেষ্টা করা হবে।”

বাংলাদেশ সময়: ১১:৩২:২০ ● ১৪ বার পঠিত