সোমবার ● ২৯ জুন ২০২৬
নকআউটে ব্রাজিল-জাপান মহারণ আজ
Home Page » খেলা » নকআউটে ব্রাজিল-জাপান মহারণ আজবিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান। দুই দলের জন্যই এটি ‘বাঁচা-মরার’ লড়াই—জয়ী দল জায়গা করে নেবে পরবর্তী রাউন্ডে, আর পরাজিত দলকে বিদায় নিতে হবে বিশ্বকাপ মঞ্চ থেকে।
গ্রুপ পর্বে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও পরের দুই ম্যাচে দুর্দান্ত ফুটবল উপহার দেয়। হাইতি ও স্কটল্যান্ডকে টানা ৩-০ গোলে হারিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে উঠে আসে সেলেসাওরা।
এবারের আসরে ব্রাজিলের আক্রমণভাগে দারুণ ছন্দে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ইতোমধ্যে তিনি ৪টি গোল করেছেন। এছাড়া মাতেউস কুনিয়ার ঝুলিতেও রয়েছে ৩টি গোল।
তবে ইনজুরির কারণে দলে ধাক্কা লেগেছে। হ্যামস্ট্রিং চোটে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছেন রাফিনহা। তাঁর জায়গায় ডান প্রান্তে খেলার সম্ভাবনা রয়েছে তরুণ রায়ানের। অন্যদিকে দীর্ঘদিন পর স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন নেইমার।
অন্যদিকে গ্রুপ ‘এফ’ থেকে রানার্সআপ হয়ে নকআউটে উঠেছে জাপান। তারা নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করে, তিউনিসিয়াকে ৪-০ গোলে হারায় এবং সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে দ্বিতীয় স্থান নিশ্চিত করে। জাপানের হয়ে দাইচি কামাদা ও আয়াসে উয়েদা দুটি করে গোল করেছেন।
সাম্প্রতিক পারফরম্যান্সেও আত্মবিশ্বাসী জাপান। শেষ ২৮টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে মাত্র দুটি হেরেছে তারা। এছাড়া সর্বশেষ আট ম্যাচের মধ্যে সাতটিতেই প্রথম গোল করার কৃতিত্ব দেখিয়েছে ব্লু সামুরাইরা।
দুই দলের সর্বশেষ সাক্ষাতে ২০২৫ সালের কিরিন কাপে ৩-২ গোলে ব্রাজিলকে হারিয়েছিল জাপান। তবে বিশ্বকাপের নকআউট পর্বের চাপ ও বাস্তবতা ভিন্ন। বিশ্বকাপে দুই দলের একমাত্র আগের দেখায়, ২০০৬ সালে, ব্রাজিল ৪-১ গোলের বড় জয় পেয়েছিল।
পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান ‘অপটা’র সুপার কম্পিউটারের পূর্বাভাসও ব্রাজিলের পক্ষেই। ১০ হাজার সিমুলেশনের ফলাফলে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৬৯ দশমিক ৭৫ শতাংশ। তবে নকআউট ফুটবলে পরিসংখ্যানের চেয়ে মাঠের পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কে উঠবে কোয়ার্টার ফাইনালে।
বাংলাদেশ সময়: ১০:৫৬:০৮ ● ১৯ বার পঠিত