একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সোমবার ● ২৯ জুন ২০২৬


প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (২৯ জুন) দেশের মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে দুপুর ২টায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরকারের নির্বাচনি ইশতেহারে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই সবুজায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় আগামী পাঁচ বছরে স্কুল, কলেজ ও মাদরাসায় মোট ৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ কর্মসূচিতে দেশের ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদরাসা অংশ নেবে।

প্রথমে সোমবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা থাকলেও বিশেষ কারণে সময় পরিবর্তন করে দুপুর ২টায় নির্ধারণ করা হয়েছে।

জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রতিবছর ৫ হাজার টাকা করে বিশেষ অনুদান দেওয়া হচ্ছে। এ বছর প্রতিটি প্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান দেশের সব অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।

এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হয়ে নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরার সুযোগ পাবেন বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৩৬:১০ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ