মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬
টাইব্রেকারের রোমাঞ্চে নেদারল্যান্ডসকে বিদায়
Home Page » খেলা » টাইব্রেকারের রোমাঞ্চে নেদারল্যান্ডসকে বিদায়বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর ম্যাচে টাইব্রেকারের স্নায়ুচাপের লড়াইয়ে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ১-১ গোলে সমতায় থাকায় ভাগ্য নির্ধারণে যেতে হয় টাইব্রেকারে। সেখানে অসাধারণ দৃঢ়তা দেখিয়ে জয় তুলে নেয় আফ্রিকার দলটি।
টাইব্রেকারের শুরুতে এগিয়ে ছিল নেদারল্যান্ডস। প্রথম শটে টেউন কুপমাইনার্স গোল করলেও মরক্কোর হয়ে নিল আল আইনাউইয়ের শট ক্রসবারে লেগে ফিরে আসে।
তবে এরপর ম্যাচের মোড় ঘুরে যায়। নেদারল্যান্ডসের জাস্টিন ক্লাইভার্টের শট পোস্টে লেগে প্রতিহত হলে মরক্কোর হয়ে সুফিয়ান রাহিমি সফলভাবে গোল করে সমতা ফেরান। ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রুগেন বল স্পর্শ করলেও সেটি জালে জড়িয়ে যায়।
পরবর্তী শটে ভাউট ভেগহর্স্ট গোল করেন এবং মরক্কোর তালবিও সফল হন। এরপর নেদারল্যান্ডসের জুরিয়েন টিম্বারের শট লক্ষ্যভ্রষ্ট হলে মরক্কো ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ পায়। যদিও আশরাফ হাকিমির শট পোস্টে লেগে ফিরে আসায় ডাচদের সামনে আবারও সমতায় ফেরার সুযোগ তৈরি হয়।
কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ক্রাইভেন সামারভিল। তাঁর নেওয়া শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। এরপর জয়ের দায়িত্ব কাঁধে তুলে নেন ইসমাইল সাইবারি। শেষ শটে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠিয়ে মরক্কোর ঐতিহাসিক জয় নিশ্চিত করেন তিনি।
এর আগে ম্যাচের ৭২তম মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। তবে যোগ করা সময়ে ইসা দিয়োপের গুরুত্বপূর্ণ গোলে সমতায় ফেরে মরক্কো। অতিরিক্ত সময়েও আর কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত স্নায়ুর লড়াইয়ে জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে মরক্কো।
এই জয়ের মাধ্যমে মরক্কো শুধু নকআউট পর্বে নিজেদের যাত্রা অব্যাহত রাখল না, বরং বিশ্বমঞ্চে আবারও প্রমাণ করল যে বড় দলগুলোর বিপক্ষে লড়াই করার সামর্থ্য তাদের রয়েছে।
বাংলাদেশ সময়: ১০:০৯:১৩ ● ২২ বার পঠিত