শুক্রবার ● ৩ জুলাই ২০২৬

খামেনির শেষ বিদায়ে প্রস্তুত ইরান, তেহরানে জনস্রোত

Home Page » প্রথমপাতা » খামেনির শেষ বিদায়ে প্রস্তুত ইরান, তেহরানে জনস্রোত
শুক্রবার ● ৩ জুলাই ২০২৬


খামেনির শেষ বিদায়েতেহরানে জনস্রোত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনকে কেন্দ্র করে শোকের আবহে প্রস্তুত হচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় গত ২৮ ফেব্রুয়ারি নিহত হওয়ার পর তাঁর স্মরণে ইতিহাসের দীর্ঘতম রাষ্ট্রীয় জানাজার আয়োজন করেছে ইরান। ছয় দিনব্যাপী এ কর্মসূচিকে ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হতে শুরু করেছেন হাজারো মানুষ।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার খামেনির মরদেহ বহনকারী কফিনটি মধ্য তেহরানের সেই স্থানে নেওয়া হয়, যেখানে তিনি হামলার শিকার হয়েছিলেন। ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) জানায়, কোনো পূর্বঘোষণা ছাড়াই এই শোকযাত্রার আয়োজন করা হয়, যা শুক্রবার থেকে শুরু হওয়া রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানের অংশ।

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দ্বিতীয় দফা হামলার আশঙ্কা মাথায় রেখে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে তেহরানের বিভিন্ন সড়কে কালো পোশাক পরিহিত মানুষকে জাতীয় পতাকা হাতে শোক প্রকাশ করতে দেখা গেছে। অনেকের হাতে ছিল আয়াতুল্লাহ খামেনির প্রতিকৃতি। আবেগঘন পরিবেশে অনেকেই অশ্রুসিক্ত চোখে প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানান।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা চলবে। এ সময় বিভিন্ন ধর্মীয়, রাষ্ট্রীয় ও স্মরণসভামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

খামেনির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত ছবিতে দেখা যায়, তাঁর কফিন একটি বিশেষ কক্ষে রাখা হয়েছে। কক্ষটির দেয়াল ইরানের জাতীয় পতাকায় সজ্জিত এবং কফিনের ওপর বিছিয়ে রাখা হয়েছে লাল রঙের একটি পতাকা, যাতে সাদা অক্ষরে ধর্মীয় বাণী লেখা রয়েছে।

ইরানি সরকারের ভাষ্য অনুযায়ী, এটি ইমাম হোসেন (রা.)-এর মাজারের প্রতীকী পতাকা, যা শিয়া মুসলিমদের কাছে আত্মত্যাগ, প্রতিরোধ এবং সত্যের প্রতি অবিচল থাকার প্রতীক হিসেবে বিবেচিত হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় খামেনির মরদেহ তেহরানের একটি মসজিদে নেওয়া হয়। সেখানে দেশটির শীর্ষ রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় নেতারা উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান।

রাষ্ট্রীয় শোকানুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানী তেহরানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বিদেশি প্রতিনিধি ও বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের অতিথিদের অংশগ্রহণের প্রস্তুতিও সম্পন্ন করেছে ইরান।

সূত্র: ফাস্ট পোস্ট।

বাংলাদেশ সময়: ১০:১৭:৪৯ ● ১৮ বার পঠিত