শুক্রবার ● ৩ জুলাই ২০২৬

আগস্টে(ইউপি)নির্বাচন ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ

Home Page » জাতীয় » আগস্টে(ইউপি)নির্বাচন ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ
শুক্রবার ● ৩ জুলাই ২০২৬


আগস্টে(ইউপি)নির্বাচন ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ

আগামী অক্টোবর মাসে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হতে পারে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। কমিশন সূত্রে জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী আগস্টের মাঝামাঝি সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। নির্বাচনে অংশগ্রহণের জন্য ভোটার তালিকা হালনাগাদের কাজও চলছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারা ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার সুযোগ পাবেন এবং স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে জানিয়েছেন যে, সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেই যাতে দ্রুত ভোটগ্রহণ করা যায়, সে লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী, দেশে মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে চলতি বছর প্রায় ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী হবে। তবে মামলা, সীমানা-সংক্রান্ত জটিলতা ও অন্যান্য প্রশাসনিক কারণে ১০৮টি ইউনিয়ন পরিষদে এখনো নির্বাচন আয়োজন সম্ভব হয়নি। বাকি ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন ২০২৭ ও ২০২৮ সালের মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেশের ৩৩০টি পৌরসভার মধ্যে ৩২০টি পৌরসভা বর্তমানে নির্বাচন উপযোগী। আইনি জটিলতার কারণে ১০টি পৌরসভায় আপাতত নির্বাচন আয়োজন সম্ভব নয়। অন্যদিকে, নতুন যুক্ত হওয়া পাঁচটি উপজেলাসহ দেশে বর্তমানে মোট ৫০০টি উপজেলা পরিষদ রয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় সবগুলো উপজেলা পরিষদই নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া নতুন বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনেও বর্তমানে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই। ফলে এসব সিটি করপোরেশনও নির্বাচন আয়োজনের জন্য উপযোগী বলে কমিশনের রোডম্যাপে উল্লেখ করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধি নিশ্চিত করতে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ এবং সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:২৫:২৬ ● ২১ বার পঠিত