রবিবার ● ৫ জুলাই ২০২৬
চীনের অর্থনৈতিক করিডর প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনায়
Home Page » জাতীয় » চীনের অর্থনৈতিক করিডর প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনায়চীন সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উত্থাপিত অর্থনৈতিক করিডর নির্মাণের প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করছে বাংলাদেশ সরকার। কক্সবাজার হয়ে মিয়ানমার এবং সেখান থেকে চীন পর্যন্ত সম্ভাব্য অর্থনৈতিক করিডর বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
শনিবার কক্সবাজারের একটি হোটেলে দক্ষিণ এশিয়ান একাডেমি ফর ইন্টারন্যাশনাল লিডারশিপের তিন দিনব্যাপী আন্তর্জাতিক একাডেমি প্রোগ্রামের উদ্বোধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে। জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো উদ্যোগ বা চুক্তি গ্রহণ করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
তিনি জানান, সম্ভাব্য অর্থনৈতিক করিডর বাস্তবায়নের বিষয়টি বিভিন্ন দিক থেকে পর্যালোচনা করা হচ্ছে। এ ধরনের প্রকল্প দেশের অর্থনীতি, বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগে কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করছে সরকার।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাসেবী, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে সরকার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে।
তিনি জানান, এ লক্ষ্যে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা যেমন চলছে, তেমনি চীনসহ বিভিন্ন বন্ধুপ্রতিম দেশ এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গেও বহুপক্ষীয় পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। সরকারের লক্ষ্য হলো আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে নিজ দেশে ফিরিয়ে দেওয়া।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দক্ষিণ এশিয়ান একাডেমি ফর ইন্টারন্যাশনাল লিডারশিপের তিন দিনব্যাপী এ কর্মসূচিতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জেসিআই সদস্য, তরুণ নেতৃত্ব, আন্তর্জাতিক প্রতিনিধি এবং বিশিষ্ট অতিথিরা অংশ নিয়েছেন। কর্মসূচিতে নেতৃত্ব বিকাশ, আঞ্চলিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ৯:৪১:২০ ● ১৫ বার পঠিত