বুধবার ● ৮ জুলাই ২০২৬
টাইপ ৫ ডায়াবেটিস, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
Home Page » জাতীয় » টাইপ ৫ ডায়াবেটিস, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
বঙ্গনিউজ: ভুল চিকিৎসায় টাইপ ৫ ডায়াবেটিস প্রাণঘাতী হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এই রোগীদের প্রচলিত ইনসুলিন থেরাপি দিলে রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, যা রোগীর জীবননাশের কারণ হতে পারে। বিশ্বজুড়ে প্রায় আড়াই কোটি মানুষ এই নতুন ধরনের ডায়াবেটিসে আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে, যাদের অনেকেই সঠিক রোগ নির্ণয়ের অভাবে মারাত্মক ঝুঁকিতে রয়েছেন।
বিশেষজ্ঞরা জানান, দীর্ঘমেয়াদি অপুষ্টির কারণে অগ্ন্যাশয়ের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হলে টাইপ ৫ ডায়াবেটিস দেখা দেয়। মূলত এশিয়া ও সাহারা-দক্ষিণ আফ্রিকার যেসব অঞ্চলে শৈশবে অপুষ্টির হার বেশি, সেখানে এই রোগের প্রকোপ বেশি লক্ষ্য করা যায়। তবে সম্প্রতি উন্নত দেশগুলোতেও স্বাভাবিক বা কম ওজনের মানুষের মধ্যে এর প্রবণতা বাড়ার ইঙ্গিত পাওয়া গেছে।Counseling Services
টাইপ ৫ ডায়াবেটিসের উপসর্গগুলো অনেকটা সাধারণ ডায়াবেটিসের মতোই। এর মধ্যে রয়েছে অতিরিক্ত তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব, দ্রুত ওজন কমে যাওয়া, সার্বক্ষণিক ক্লান্তি, মুখ শুকিয়ে যাওয়া, ঝাপসা দেখা এবং শরীর কাঁপা বা দুর্বল লাগা। এ ধরনের কোনো লক্ষণ প্রকাশ পেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে।
চিকিৎসকদের মতে, টাইপ ১ ডায়াবেটিসে শরীর ইনসুলিন উৎপাদন প্রায় বন্ধ করে দেয় এবং টাইপ ২-এ ইনসুলিনের কার্যকারিতা কমে যায়। কিন্তু টাইপ ৫ ডায়াবেটিসে শরীরে ইনসুলিন তৈরি হলেও তা অপর্যাপ্ত থাকে এবং রোগীরা ইনসুলিনের প্রতি অতিমাত্রায় সংবেদনশীল হন।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ২০২৫ সাল নাগাদ এটিকে স্বীকৃতি দেওয়ার কথা বললেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এখনো একে আলাদা রোগ হিসেবে তালিকাভুক্ত করেনি। বর্তমানে টাইপ ৫ ডায়াবেটিস শনাক্ত করার কোনো নির্দিষ্ট পরীক্ষা না থাকায় অনেক রোগীকে টাইপ ১ বা টাইপ ২ হিসেবে চিহ্নিত করে চিকিৎসা দেওয়া হচ্ছে, যা ঝুঁকি বাড়াচ্ছে।
বাংলাদেশ সময়: ৭:২৯:৫৪ ● ৯ বার পঠিত