
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে তিনটি রাজনৈতিক বই সংরক্ষণের যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৬ জুলাই) মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়েছে, গত ৩ জুন জারি করা নির্দেশনা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’—এই তিনটি বইয়ের একটি করে সেট সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল। সর্বশেষ সেই নির্দেশনা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে (ডিপিই) চিঠি দিয়ে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে বই তিনটির অন্তত একটি করে সেট রাখার ব্যবস্থা নিতে বলেছিল।
বইগুলোর মধ্যে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ এবং ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ গ্রন্থ দুটি সাংবাদিক ও লেখক মাহফুজ উল্লাহ রচিত। অন্যদিকে ‘সবার আগে বাংলাদেশ’ বইটির লেখক প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনটি বই-ই জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত।
নির্দেশনা জারির পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পূর্বের নির্দেশনা প্রত্যাহার করে নতুন অফিস আদেশ জারি করেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নির্দেশনা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ওই তিনটি বই সংরক্ষণের বাধ্যবাধকতা আর থাকছে না।