বুধবার ● ৮ জুলাই ২০২৬

এবার কিশোর গ্যাং ‘ভইরা-দে’ গ্রুপ, ৫ সদস্য গ্রেপ্তার

Home Page » জাতীয় » এবার কিশোর গ্যাং ‘ভইরা-দে’ গ্রুপ, ৫ সদস্য গ্রেপ্তার
বুধবার ● ৮ জুলাই ২০২৬


লোগো- র‍্যাব   স্বপন চক্রবর্তী,বঙ্গনিউজ: রাজধানীর পল্লবীতে আধিপত্য বিস্তার ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রুপের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের শোডাউনের ভিডিও প্রচার করে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। এর আগেও পৃথক অভিযানে এই বিতর্কিত গ্রুপটির বেশ কয়েকজন সদস্যকে আইনের আওতায় আনা হয়।

র‍্যাব-৪ গত রোববার রাতে পল্লবীর অ্যাভিনিউ-৫ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রজ্জব হোসেন, মেহেদী হাসান ওরফে টুন্ডা হাসান, আলফাজ আহমেদ আসু, সোহেল রানা ও শাহা পরান। সোমবার র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া সদস্যদের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মেহেদী হাসানের বিরুদ্ধে পল্লবী ও কাফরুল থানায় দুটি মামলা এবং সোহেলের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা রয়েছে। এ ছাড়া আলফাজ আহমেদ আসু নামের একজনের বিরুদ্ধে পল্লবী থানার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

র‍্যাব এর আগে ৪ জুলাই ও ১৭ জুন পৃথক অভিযানে পারভেজ, টান আকাশ ও শিশির আহম্মেদ ইমনসহ একই গ্রুপের পাঁচজনকে গ্রেপ্তার করেছিল। সব মিলিয়ে ‘ভইরা-দে গ্রুপের’ মোট ১০ সদস্যকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। বর্তমান অভিযানে ধৃত ব্যক্তিদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রজ্জব ও মেহেদী এই গ্যাংয়ের অন্যতম নেতা আশিকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত। আধিপত্য বজায় রাখতে এই গ্রুপটি নিয়মিত মহড়া দিত এবং সেসব ভিডিও অনলাইনে ছড়িয়ে দিয়ে আতঙ্ক তৈরি করত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান শনাক্ত করে র‍্যাব এই বিশেষ অভিযান পরিচালনা করে।

বাংলাদেশ সময়: ৭:৪০:০৫ ● ৩১ বার পঠিত