বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় স্বস্তি, ১০ লাখ টাকা তোলার সুযোগ

Home Page » অর্থ ও বানিজ্য » একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় স্বস্তি, ১০ লাখ টাকা তোলার সুযোগ
বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬


ছবি-বাংলাদেশ ব্যাংক  বঙ্গনিউজ: একীভূত শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য অর্থ উত্তোলনের নিয়ম আরও শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শুধু নিজের চিকিৎসা নয়, পরিবারের সদস্যদের চিকিৎসা এবং অন্যান্য জরুরি প্রয়োজনেও সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে।
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আমানতকারীরা বাবা-মা, সন্তান, ভাই-বোন কিংবা স্বামী বা স্ত্রীর চিকিৎসার খরচ ছাড়াও অন্যান্য পারিবারিক জরুরি প্রয়োজনে নির্ধারিত সীমার মধ্যে অর্থ তুলতে পারবেন। আগে এই সুবিধা কেবল আমানতকারীর নিজের চিকিৎসার ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, গ্রাহকদের অর্থ ফেরতের জন্য চালু থাকা বিশেষ স্কিমে সংশোধন এনে এই সুযোগ বাড়ানো হয়েছে। পরিচালনা পর্ষদের অনুমোদনের মাধ্যমে আমানতকারীদের জরুরি আর্থিক চাহিদাকে বিবেচনায় রেখে শর্তগুলো আরও নমনীয় করা হয়েছে।

এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে একীভূত পাঁচ ব্যাংক—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংকের গ্রাহকদের জন্য।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, চিকিৎসার বাইরেও অনেক সময় পরিবারের জরুরি প্রয়োজনে দ্রুত অর্থের প্রয়োজন হয়। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে অর্থ উত্তোলনের সুযোগ সম্প্রসারণ করা হয়েছে।

এর আগে আর্থিক সংকটে পড়া এই পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়। আমানতকারীদের অর্থ ফেরাতে সরকার, আমানত বীমা তহবিল এবং বাংলাদেশ ব্যাংকের বিশেষ পুনরুদ্ধার কর্মসূচির আওতায় ধাপে ধাপে অর্থ পরিশোধের কার্যক্রম চলছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আমানত বীমা তহবিল থেকে ইতোমধ্যে ৮ লাখ ২২ হাজারের বেশি আমানতকারীকে প্রায় ৩ হাজার ৮৮৭ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। পাশাপাশি অবশিষ্ট আমানত ফেরত দিতে বিশেষ স্কিম বাস্তবায়ন অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ৬:৩৮:৪০ ● ৮ বার পঠিত