শাপলা চত্বরের হত্যাযজ্ঞ, লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

Home Page » জাতীয় » শাপলা চত্বরের হত্যাযজ্ঞ, লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬


ফাইল ছবি-সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী  বঙ্গনিউজ: মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের পর পরই ডিবি পুলিশ তাকে ট্রাইব্যুনালে সোপর্দ করার আইনি প্রক্রিয়া শুরু করে।

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আদালত। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল গত সোমবার এ আদেশ দেন। মামলায় পলাতক ৩১ জন আসামির নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। লতিফ সিদ্দিকী ওই গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের একজন ছিলেন।

ইসলাম অবমাননাকারীদের বিচারের দাবিতে ২০১৩ সালে শাপলা চত্বরে মহাসমাবেশ আহ্বান করেছিল হেফাজতে ইসলাম। পরবর্তীতে ২০২৪ সালের আগস্ট মাসে শাপলা চত্বরের ঘটনা নিয়ে ট্রাইব্যুনালে নতুন করে অভিযোগ দাখিল করা হয়। তদন্ত শেষে প্রসিকিউশনের তদন্ত দল ওই ঘটনায় মোট ৬১ জন নিহতের তথ্য পাওয়ার কথা নিশ্চিত করে। প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু করবে।

মামলাটিতে বর্তমানে ১০ জন আসামি দেশের বিভিন্ন কারাগারে বন্দী রয়েছেন। এসব আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, ডা. দীপু মনি, হাসানুল হক ইনু ও সাংবাদিক মোজাম্মেল বাবু উল্লেখযোগ্য। তদন্তে আসামিদের বিরুদ্ধে পরিকল্পনা, ষড়যন্ত্র ও সরাসরি অংশগ্রহণের প্রমাণ পাওয়ার কথা জানায় তদন্ত দল। সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের বিচার কাজ ত্বরান্বিত করতে প্রসিকিউশন কাজ করছে।

বাংলাদেশ সময়: ৬:৩০:৫৬ ● ৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ