বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬
অভিবাসন আইন ফাঁকি দিতে যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ে, চক্র ধ্বংস, অভিযুক্ত ১১
Home Page » জাতীয় » অভিবাসন আইন ফাঁকি দিতে যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ে, চক্র ধ্বংস, অভিযুক্ত ১১
বঙ্গনিউজ: যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন ফাঁকি দিতে এক হাজারেরও বেশি ভুয়া বিয়ের আয়োজন করা একটি বিশাল অপরাধী চক্রের তথ্য জানা গেছে। এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ ব্যক্তির বিরুদ্ধে দুটি অভিযোগপত্র প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। বুধবার এই অভিযোগপত্রগুলো জনসমক্ষে আনা হয়।
অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, ‘আমাদের অভিবাসন ব্যবস্থাসহ সব জায়গা থেকে জালিয়াতি নির্মূল করছে বিচার বিভাগ।’ এই সুপরিকল্পিত চক্রটিকে জাতীয় আইনের প্রতি ‘ইচ্ছাকৃত অবমাননা’ হিসেবে আখ্যায়িত করেন তিনি। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না।
অভিযোগপত্র অনুযায়ী, চক্রটি ২০১৬ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত আন্তর্জাতিকভাবে তাদের কার্যক্রম চালিয়েছে। তারা মূলত চীনের নাগরিকদের প্রতারণার মাধ্যমে স্থায়ী আবাসিক সুবিধা বা গ্রিন কার্ড পেতে সহায়তা করত। একটি ভুয়া বিয়ের জন্য গ্রাহকরা এক লাখ ডলার পর্যন্ত পরিশোধ করতেন। অন্যদিকে এতে অংশ নেওয়া মার্কিন নাগরিকদের প্রায় ৩০ হাজার ডলার করে দেওয়া হতো।
কানেকটিকাট, ফ্লোরিডা ও জর্জিয়াসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের পাশাপাশি চীন এবং ভানুয়াতুতেও এই চক্রের কার্যক্রম বিস্তৃত ছিল। তারা বিয়ের কাজী, আইনজীবী, কর প্রস্তুতকারী, বিমা প্রদানকারী এবং অন্যান্য সেবাদাতাদের ওপর নির্ভর করে এই কাজ করত।
বিয়েগুলোকে বৈধ দেখাতে অভিযুক্তরা বিয়ের অনুষ্ঠান ও ছবি তোলার নাটক সাজাত। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা দপ্তরকে ধোঁকা দিতে তারা যৌথ ব্যাংক হিসাব, বিমা পলিসি এবং আয়কর রিটার্নের মতো ভুয়া প্রমাণ তৈরি করত। এমনকি অভিবাসন সাক্ষাৎকারের সময় কীভাবে মিথ্যা উত্তর দিতে হবে, সে বিষয়েও অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দিত তারা।
গ্রেপ্তার হওয়া ১১ আসামির প্রত্যেকের বিরুদ্ধে বিয়ে ও অভিবাসন জালিয়াতির ষড়যন্ত্র এবং বেআইনিভাবে বসবাস করতে উৎসাহিত করার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি জেমি ম্যাকডোনাল্ড বলেন, ‘এই গ্রেপ্তারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অভিযুক্ত হওয়া অন্যতম বৃহৎ ভুয়া বিয়ের চক্রের একটি মূল অংশ ধ্বংস করা হয়েছে।’
বাংলাদেশ সময়: ১২:৪০:৪০ ● ১৭ বার পঠিত