বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬

মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

Home Page » জাতীয় » মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬


রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বঙ্গনিউজ: দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর । আজ বিকেল ৫টা ২০ মিনিটের দিকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাকে বিজয়ী ঘোষণা করেন।

সিইসি বলেন, নির্বাচনে বৈধ ৩৪৩টি ব্যালটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। সর্বোচ্চ ভোট পাওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যথাযথ প্রক্রিয়ায় দেশের রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণ শুরুর পর প্রথমে ভোট দেন রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য সংসদ সদস্যরা ভোট দেন।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন। অন্যদিকে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় ভোট দেওয়ার সুযোগ পাননি।

ভোটগ্রহণ শেষে সিইসি এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা ব্যালট গণনা করেন। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের জয় অনেকটাই প্রত্যাশিত ছিল। বর্তমান সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলীয় প্রার্থীর জয়ের সম্ভাবনাই বেশি ছিল। তবে একাধিক প্রার্থী থাকায় সাংবিধানিক নিয়ম অনুযায়ী এবার ভোট অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে বিএনপির মহাসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার আগে তিনি দলের মহাসচিব ও মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনের নতুন এক অধ্যায়ে প্রবেশ করলেন মির্জা ফখরুল। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে তার শপথ নেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৪৯:৪৪ ● ১৪ বার পঠিত