প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি

Home Page » জাতীয় » প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬


সংগৃহীত ছবি-সাবেক মন্ত্রী ডা. দীপু মনিবঙ্গনিউজ: স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের শেষকৃত্যে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন। মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীপু মনির প্যারোলে মুক্তির জন্য আইনজীবীর মাধ্যমে আবেদন করা হয়েছিল। চার দিনের মুক্তির আবেদন করা হলেও কর্তৃপক্ষ আগামীকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেছে।

বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন সাবেক এই মন্ত্রী। স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর তার প্যারোলে মুক্তির জন্য বুধবার সকাল থেকেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যস্ত ছিলেন মেয়ে তানি দীপাবলি নেওয়াজ।News

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, বুধবার দুপুর ১২টার দিকে মেয়ে কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। পরে কারাগার থেকে বের হয়ে দুপুর পৌনে ২টার দিকে প্যারোলে মুক্তির আবেদন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জমা দেওয়ার পর ১২ ঘণ্টার প্যারোলের অনুমতি দেওয়া হয়।

পরিবার সূত্রে জানা গেছে, দীপু মনি প্যারোলে মুক্তি পাওয়ার পর তার স্বামী তৌফিক নেওয়াজের মরদেহ দাফন করা হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৫৫:৪৩ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ