শনিবার ● ২২ আগস্ট ২০২৬
কে হবেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব, দ্বিতীয় দফা অনানুষ্ঠানিক ভোট
Home Page » জাতীয় » কে হবেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব, দ্বিতীয় দফা অনানুষ্ঠানিক ভোট
বঙ্গনিউজ: জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের দৌড়ে দ্বিতীয় দফা অনানুষ্ঠানিক ভোট (স্ট্র পোল) অনুষ্ঠিত হয়েছে। বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উত্তরসূরি বাছাই প্রক্রিয়ার এ দফায় এগিয়ে রয়েছেন গায়ানার কূটনীতিক ক্যারোলিন রদ্রিগেজ বার্কেট। শুক্রবার নিরাপত্তা পরিষদে গোপন ব্যালটে এই অনানুষ্ঠানিক ভোটাভুটি সম্পন্ন হয়।
আগস্ট মাসে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে থাকা ডেনমার্কের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কাস লাসেন দ্বিতীয় দফা ভোট সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘অনানুষ্ঠানিক ভোটের দ্বিতীয় পর্ব সম্পন্ন হয়েছে।’
লাসেন জানান, প্রার্থী মনোনয়নকারী সদস্য দেশগুলোর স্থায়ী প্রতিনিধিদের মাধ্যমে প্রার্থীদের ফলাফল জানানো হবে এবং বিষয়টি সাধারণ পরিষদের সভাপতিকেও অবহিত করা হবে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশের সমর্থন যাচাই এবং সাধারণ পরিষদে চূড়ান্ত সুপারিশ পাঠানোর আগে প্রার্থীদের তালিকা সংক্ষিপ্ত করতে এই গোপন ভোটাভুটির আয়োজন করা হয়। নিরাপত্তা পরিষদে কোনো প্রার্থীর প্রার্থিতা নিশ্চিত করতে অন্তত ৯টি দেশের সমর্থনের প্রয়োজন হয়। তবে স্থায়ী পাঁচ সদস্য—যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাজ্যের যেকোনো একটি দেশ ভেটো ক্ষমতা প্রয়োগ করে যেকোনো প্রার্থীকে আটকে দিতে পারে। নিরাপত্তা পরিষদের চূড়ান্ত মতামতের পর সাধারণ পরিষদে নিয়োগের বিষয়টি সাধারণত আনুষ্ঠানিকতা হিসেবে বিবেচনা করা হয়।
বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর। শীর্ষ এই পদের জন্য এখন পর্যন্ত আটজন প্রার্থী মনোনীত হয়েছেন।
ভোটের ফলাফল অনুযায়ী, দ্বিতীয় দফার ভোটে আটটি ইতিবাচক ভোট পেয়ে শীর্ষে রয়েছেন গায়ানার রাষ্ট্রদূত ক্যারোলিন রদ্রিগেজ বার্কেট। তার বিপক্ষে তিনটি নেতিবাচক ভোট পড়েছে এবং চারটি সদস্য দেশ কোনো মতামত দেয়নি। অন্যদিকে সাতটি করে ইতিবাচক ভোট পেয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি। এর আগে অনুষ্ঠিত প্রথম দফা ভোটে এগিয়ে ছিলেন গ্রিনস্প্যান।
মহাসচিব পদের অন্য প্রার্থীরা হলেন—সেনেগালের সাবেক প্রেসিডেন্ট ম্যাকি সাল, ইকুয়েডরের মারিয়া ফার্নান্দা এস্পিনোসা, চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট, উগান্ডার কূটনীতিক ওলারা ওতুনু এবং ইকুয়েডরের কূটনীতিক ইভন এ-বাকি।
বাংলাদেশ সময়: ৫:৩১:৫৭ ● ৭ বার পঠিত