বঙ্গনিউজ: বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে তার সফল মেয়াদ নিয়ে তিনি দৃঢ় আস্থা প্রকাশ করেছেন। শুক্রবার পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তায় ভারতের রাষ্ট্রপতি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’ দ্রৌপদী মুর্মু আরও বলেন, জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের সেবায় এক সফল মেয়াদের সূচনা করবে বলে তিনি বিশ্বাস করেন।
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের গভীরতা তুলে ধরে ভারতের রাষ্ট্রপতি উল্লেখ করেন, আত্মত্যাগের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক সম্পর্ক ও বন্ধুত্বের উষ্ণ বন্ধনের ওপর ভিত্তি করে দুই দেশের মধ্যে একটি অনন্য সম্পর্ক গড়ে উঠেছে।
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ ও জ্বালানি, প্রযুক্তি, পারস্পরিক যোগাযোগ, যুববিষয়ক কর্মকাণ্ড, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই প্রতিবেশী দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে।
সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে দ্রৌপদী মুর্মু বলেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যকার অংশীদারত্ব আরও জোরদার করতে আমি আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।’
বার্তার শেষভাগে ভারতের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের জনগণের সার্বিক অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।