বঙ্গনিউজ: রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সম্ভাব্য দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজধানী ও আশপাশের এলাকার বার্তায় উল্লেখ করা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এখানেও বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সকালে ঢাকায় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়েছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।