সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬
দেশে দ্বৈত ব্যাংকিং ব্যবস্থা চালু
Home Page » অর্থ ও বানিজ্য » দেশে দ্বৈত ব্যাংকিং ব্যবস্থা চালু
বঙ্গনিউজ: গ্রাহকদের ধর্মীয় বিশ্বাস ও আর্থিক প্রয়োজন অনুযায়ী প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা বেছে নেওয়ার সুযোগ বাড়াতে দেশে ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে আন্তর্জাতিক ইসলামী অর্থব্যবস্থার সঙ্গে দেশের আর্থিক খাতের সংযোগ আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।বাংলাদেশ সংবাদ
গতকাল জাতীয় সংসদে ঢাকা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, গ্রাহকদের চাহিদা বিবেচনায় প্রচলিত ও শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবার পরিধি বাড়ানোর লক্ষ্যেই বাংলাদেশ ব্যাংক ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে। সরকারের বর্তমান মেয়াদে এই ব্যবস্থাকে আরও বিস্তৃত করার উদ্যোগ অব্যাহত রয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত দেশে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর মোট ১ হাজার ৬৯৯টি শাখার অনুমোদন রয়েছে। এর মধ্যে শহরাঞ্চলে ১ হাজার ৭৪টি এবং গ্রামাঞ্চলে ৬২৫টি শাখা রয়েছে।
এর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪০০টি, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ২২৬টি, শাহজালাল ইসলামী ব্যাংকের ১৪১টি, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ১৩৮টি এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের ৭৬১টি শাখা রয়েছে।
সম্মিলিত ইসলামী ব্যাংকের ৭৬১টি শাখার মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২০৬টি, সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৮১টি, এক্সিম ব্যাংকের ১৫৫টি, ইউনিয়ন ইসলামী ব্যাংকের ১১৪টি এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০৫টি শাখা রয়েছে। এর সঙ্গে আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৩টি শাখাও অন্তর্ভুক্ত রয়েছে।
অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৩৫টি প্রচলিত ব্যাংক ইসলামী ব্যাংকিং সেবা দিচ্ছে। এসব ব্যাংকে মোট ৭৫টি ইসলামী ব্যাংকিং শাখা এবং ১ হাজার ১০২টি ইসলামী ব্যাংকিং উইন্ডো রয়েছে। এ ছাড়া আরও দুটি প্রচলিত ব্যাংককে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে।
সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গ্রাহকদের জন্য ইসলামী ব্যাংকিং সেবার সুযোগ বাড়ানোর পাশাপাশি ডুয়াল ব্যাংকিং ব্যবস্থার পরিধি আরও সম্প্রসারণে কাজ চলছে বলেও সংসদে জানান অর্থমন্ত্রী।
বাংলাদেশ সময়: ৬:৩০:৩৪ ● ১৬ বার পঠিত