সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাবির সাবেক শিক্ষার্থী ছিঁড়ে ফেললেন জিন্নাহর ছবি!

Home Page » সংবাদ শিরোনাম » ঢাবির সাবেক শিক্ষার্থী ছিঁড়ে ফেললেন জিন্নাহর ছবি!
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬


ঢাবির সাবেক শিক্ষার্থী ছিঁড়ে ফেললেন জিন্নাহর ছবি!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় রাখা মুহাম্মদ আলী জিন্নাহর বিতর্কিত ছবি ছিঁড়ে ফেলেছেন আবু তৈয়ব হাবিলদার নামে সাবেক এক শিক্ষার্থী। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সংগ্রহশালায় গিয়ে ফ্রেম ভেঙে ছবিটি ছিঁড়ে ফেলেন তিনি।

আবু তৈয়ব ডাকসু নির্বাচনে আলোচিত ও বয়োজ্যেষ্ঠ সহসভাপতি (ভিপি) প্রার্থী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী ছিলেন।

ছবিটি সংগ্রহশালায় স্থাপনের পর থেকেই বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ছবি ছিঁড়ে ফেলার আগে আবু তৈয়ব হাবিলদার বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সূত্রটা জিন্নাহ তৈরি করে দিয়েছে। কার্জন হলে ছাত্র-ছাত্রীদের সামনে বলে যে, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে, বাংলা হবে না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র প্রতিবাদ করেছিলেন। তারা বলেছিলেন, জিন্নাহ সাহেব, আপনার এই সিদ্ধান্ত আমরা মানি না।’

তিনি আরও বলেন, ‘ভাষা আন্দোলনের মূল নায়ক হিসেবে প্রিন্সিপাল আবুল কাসেম ১১ মার্চ ১৯৪৮ শুরু করেছিলেন এবং তাঁর নেতৃত্বে হরতাল পালন হয়েছিল। সেখানে অনেক ছাত্র গ্রেপ্তার হয়েছিলেন, দুই হাজারের ওপরে। সেই জিন্নাহ ডাকসুতে স্থান পেতে পারে না।’

বাংলাদেশ সময়: ১৬:১২:৫১ ● ৩৬ বার পঠিত