বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬
এবার উদ্ধারে ফি নেবে জাপান
Home Page » বিশ্ব » এবার উদ্ধারে ফি নেবে জাপান![]()
জাপানের মাউন্ট ফুজিতে পর্যটনের ব্যস্ত সময়ের বাইরে উঠতে গিয়ে কেউ বিপদে পড়লে হেলিকপ্টারে করে উদ্ধার করতে হলে সেই খরচ তাকেই দিতে হবে। বিবিসি জানায়, আগামী বছর থেকে এই নিয়ম চালু করার পরিকল্পনা করেছে ফুজির উত্তর অংশের দায়িত্বে থাকা ইয়ামানাশি প্রিফেকচার।অফ-সিজনে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া ফুজিতে ওঠার প্রবণতা কমাতে নতুন এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের লক্ষ্য, পর্বতারোহীদের ঝুঁকি সম্পর্কে সচেতন করা এবং জরুরি উদ্ধার অভিযানের সংখ্যা কমানো। মাউন্ট ফুজিতে ওঠার সরকারি মৌসুম সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত। এই সময়ের বাইরে পর্বতটিতে ওঠাকে কর্তৃপক্ষ জোরালোভাবে নিরুৎসাহিত করে।তবে নির্ধারিত ১০টি পথের মধ্যে পঞ্চম পথ পর্যন্ত ওঠার অনুমতি থাকে। এরপরও অফ-সিজনে ফুজিতে ওঠার ঘটনা বাড়ছে বলে জানিয়েছে ইয়ামানাশি ও পাশের শিজুওকা প্রিফেকচারের কর্তৃপক্ষ।কর্মকর্তারা জানান, অনেক পর্বতারোহী পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই এ সময় ফুজিতে ওঠেন। ফলে কেউ কেউ পাহাড়ে আটকে পড়েন এবং তাদের উদ্ধারে জরুরি অভিযান চালাতে হয়।ইয়ামানাশি প্রিফেকচার এখন অফ-সিজনে ওঠার আগে পর্বতারোহীদের বিস্তারিত পরিকল্পনা জমা দেওয়ার নিয়ম চালু করতে যাচ্ছে। এই অফ-সিজন সেপ্টেম্বরের শুরু থেকে পরের বছরের জুলাই পর্যন্ত ধরা হবে।
হেলিকপ্টারে উদ্ধার অভিযানের জন্য কত টাকা নেওয়া হবে, তা এখনো চূড়ান্ত করেনি ইয়ামানাশি কর্তৃপক্ষ। তবে পাশের সাইতামা প্রিফেকচারের একটি পাহাড়ি এলাকায় চালু থাকা ফি থেকে ধারণা নেওয়া হবে। সেখানে হেলিকপ্টার উদ্ধারের জন্য পাঁচ মিনিটে ৮ হাজার ইয়েন নেওয়া হয়।এই অর্থ প্রায় ৫১ মার্কিন ডলার বা ৩৮ পাউন্ডের সমান। ইয়ামানাশি কর্তৃপক্ষ নতুন ফি নির্ধারণের সময় এই হারকে একটি উদাহরণ হিসেবে বিবেচনা করবে। ইয়ামানাশির গভর্নর কোতারো নাগাসাকি সোমবার বলেন, সাধারণ মানুষকে পর্যটনের ব্যস্ত সময়ের বাইরে ফুজিতে ওঠা থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। তিনি বলেন, নতুন ব্যবস্থাগুলো মানুষকে শীতকালে মাউন্ট ফুজিতে ওঠার ঝুঁকি ও বাস্তব পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবতে উৎসাহিত করবে।
[[
অফ-সিজনে ফুজিতে আবহাওয়া অনেক বেশি কঠিন হয়ে ওঠে। পাহাড়ের পথও তুলনামূলক ঝুঁকিপূর্ণ থাকে। একই সঙ্গে এ সময় পর্বতের বেশির ভাগ থাকার জায়গা ও শৌচাগার বন্ধ থাকে। ফলে জরুরি পরিস্থিতিতে পর্বতারোহীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও কম থাকে। শুধু ইয়ামানাশি নয়, পাশের শিজুওকা প্রিফেকচারও অফ-সিজনে ফুজিতে ওঠা নিয়ন্ত্রণে নতুন ব্যবস্থা নিচ্ছে। শিজুওকা কর্তৃপক্ষ জানিয়েছে, যারা এই সময়ে ফুজিতে ওঠার পরিকল্পনা নিবন্ধন করবেন না, তাদের শাস্তির মুখে পড়তে হতে পারে। পাশাপাশি নিষিদ্ধ এলাকায় যাতে কেউ প্রবেশ করতে না পারেন, সে জন্য নজরদারিও বাড়ানো হবে। তবে শিজুওকা কর্তৃপক্ষ হেলিকপ্টারে উদ্ধার করতে হলে পর্বতারোহীদের কাছ থেকে কোনো ফি নেওয়া হবে কি না, তা জানায়নি।
বাংলাদেশ সময়: ১২:৫৯:১২ ● ২১ বার পঠিত