রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে
Home Page » জাতীয় » বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে
বঙ্গনিউজ: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। গতিপথ পরিবর্তন করে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৮ অক্টোবরের মধ্যে সিস্টেমটি ভারতের ওই উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এই গতিপ্রকৃতির তথ্য নিশ্চিত করা হয়েছে।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দক্ষিণপূর্ব দিকে অগ্রসর হয়ে একই অঞ্চলে অবস্থান করছে। রোববার সকালে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে, মোংলা থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, সিস্টেমটি আরও ঘনীভূত হয়ে প্রথমে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর দিক পরিবর্তন করে শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে যাবে। বর্তমানে নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৫২:০৯ ● ১৪ বার পঠিত