বঙ্গনিউজ: ইসরাইলে ক্ষমতা বদলের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ইরানে ফের সামরিক হামলা চালানোর পরিকল্পনা শুরু করেছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই উদ্দেশ্যে তিনি পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোটের সঙ্গে গোপন বৈঠক করেছেন। তবে এই পুরো প্রক্রিয়ায় তৈরি হয়েছে নানা নাটকীয়তা ও ধোঁয়াশা।
ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার নেতানিয়াহু ও আইজেনকোটের মধ্যে এই বৈঠকটি হয়। সেখানে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে কিছু গোপন গোয়েন্দা তথ্য তুলে ধরে আইজেনকোটকে বোঝানোর চেষ্টা করেন যে কেন ইরানে পুনরায় হামলা চালানো জরুরি। তবে আশ্চর্যের বিষয় হলো, মোসাদ প্রধান রোমান গোফমান যে এই একই ইস্যুতে ওয়াশিংটন সফরে গেছেন, সে বিষয়ে বিন্দুমাত্র ধারণাই ছিল না আইজেনকোটের। তাকে ইচ্ছাকৃত অন্ধকারে রাখা হয়েছিল কি না, তা পরিষ্কার না হলেও বিষয়টি রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। অথচ এর আগেই নতুন সরকার গঠনের আগে নেতানিয়াহুকে কোনো ধরনের অপ্রয়োজনীয় সামরিক পদক্ষেপ না নেওয়ার জোরালো সতর্কবার্তা দিয়েছিলেন আইজেনকোট।
এদিকে হামলার সময় বা ক্ষণ নিয়ে ইসরাইলি সামরিক বাহিনীর ভেতরেও মতপার্থক্য রয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’-এর তথ্যমতে, সেনাপ্রধান ইয়াল জামির ইরানের বিরুদ্ধে হামলার পক্ষে থাকলেও এখনই উপযুক্ত সময় বলে মনে করছেন না। তিনি চান যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালোভাবে আলোচনা করে, সঠিক সময় ও পরিস্থিতি বুঝে তারপর পদক্ষেপ নিতে। সেনাবাহিনীর নিরাপত্তা সূত্র পরিষ্কার জানিয়েছে, এই মুহূর্তে ইরানের দিক থেকে এমন কোনো বড় হুমকি নেই যার জন্য তড়িঘড়ি করে আক্রমণ চালাতে হবে। উল্টো একটি দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে পড়ার বিপদ সম্পর্কে সতর্ক করে তারা জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন করে কোনো যুদ্ধ শুরুর সম্ভাবনা নেই। এর আগে সেনাপ্রধান ও নেতানিয়াহুর মধ্যকার মতপার্থক্যের খবর ছড়ালেও প্রধানমন্ত্রীর কার্যালয় তা অস্বীকার করেছিল।