মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৩
শেষ হল ভাওয়াইয়া উৎসব
Home Page » বিনোদন » শেষ হল ভাওয়াইয়া উৎসব
বঙ্গ-নিউজ ডটকম: প্রত্যেক বছরের মত এবারও অনুষ্ঠিত হয়ে গেল ‘বাংলালিংক রংপুর বিভাগীয় ভাওয়াইয়া উৎসব’। ১৬ই আগস্ট শুক্রবার শুরু হয়ে ১৮ই আগস্ট রবিবার শেষ হয় উৎসবটি। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসবগুলোর মধ্যে একটি। বহু বছর ধরে এই উৎসবের আয়োজন করা হচ্ছে যা ইতোমধ্যে এই অঞ্চলের এবং একইসাথে এদেশের গণমানুষের কাছে বিনোদনের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। এবারের উৎসবে রংপুর বিভাগের আটটি জেলার সবকটি থেকে মোট ৪০০ শিল্পী ভাওয়াইয়া গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তিনদিন ব্যাপী এই উৎসবে শোভাযাত্রা, পালা গান, ভাওয়াইয়া নাচ এবং ভাওয়াইয়া গানের প্রতিযোগিতা প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। ‘সাউন্ড টাচ’ আয়োজিত এই উৎসবটি পঞ্চমবারের মত বাংলালিংক পৃষ্ঠপোষকতা করেছে। বাংলালিংকের মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম এ প্রসঙ্গে বলেন, ‘বছরের পর বছর ধরে এই ভাওয়াইয়া উৎসব রংপুর অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রেখে চলেছে এবং এদেশের সবচেয়ে উল্লেখযোগ্য সাংস্কৃতিক উৎসবগুলোর একটিতে পরিণত হয়েছে। বাংলাদেশের স্থানীয় কৃষ্টি-সংস্কৃতি ও ঐতিহ্যের উন্নয়ন ও এগুলোকে সমুন্নত রাখার অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে বাংলালিংক এ নিয়ে টানা পঞ্চমবারের মতো এই উৎসবের পৃষ্ঠপোষকতা করতে পেরে গর্বিত।’
বাংলাদেশ সময়: ১৮:২১:০৫ ৫১২ বার পঠিত