শনিবার, ১৬ নভেম্বর ২০১৩
তারেকের কারাদণ্ড হলে মঙ্গলবার হরতাল
Home Page » সংবাদ শিরোনাম » তারেকের কারাদণ্ড হলে মঙ্গলবার হরতাল
বঙ্গ-নিউজ ডটকমঃ মানি লন্ডারিং মামলায় দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের কারাদণ্ড হলে আগামী মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল দেবে বিএনপি। রোববার ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে ২০ কোটিরও বেশি টাকা বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে পাচারের মামলার রায় হওয়ার কথা রয়েছে। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এ মামলায় ৬ মাস থেকে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তেমনি কিছু হলে রায় ঘোষণার পরপরই হরতালের ঘোষণা দিতে চায় বিএনপি। তবে রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সিনিয়র নেতাদের বৈঠকের পরও এ ঘোষণা দেওয়া হতে পারে। দলীয় সূত্রমতে, পর পর দু’দফা টানা হরতালের পর এ সপ্তাহজুড়েও হরতাল ডাকার পরিকল্পনা ছিলো বিএনপির। কিন্তু যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দিশাই বিসওয়াল তিন দিনের সফরে বাংলাদেশ সফরে আসায় ওই পরিকল্পনা থেকে সরে আসে বিএনপি। পরিবর্তিত পরিকল্পনায় নিশা বিসওয়াল আগামী সোমবার রাতে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়ার পর হরতাল দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। এক্ষেত্রে আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা তিন দিন হরতাল পালনের তাগিদ রয়েছে দলের মধ্যে। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের চাপও আছে টানা তিন দিন হরতাল দেওয়ার। কিন্তু আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস এবং তার আগের দিন ২০ নভেম্বর তারেক রহমানের জন্মদিন হওয়ায় শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকেও সরে আসে বিএনপি। এখন কেবল আগামী ১৯ নভেম্বর মঙ্গলবার হরতাল ডাকার সুযোগ রয়েছে তাদের। তবে শেষ পর্যন্ত মঙ্গল ও বুধবার টানা দু’দিন হরতাল ঘোষণাও বিচিত্র নয়।
বাংলাদেশ সময়: ২৩:৫৬:৩৫ ৪৯৭ বার পঠিত