নিরাপত্তা সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-পাকিস্তান

Home Page » জাতীয় » নিরাপত্তা সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-পাকিস্তান
শনিবার ● ৯ মে ২০২৬


স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করার প্রত্যয় নিয়ে শুক্রবার (৮ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে মিলিত হন সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ উদ্যোগ, আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সমন্বয় এবং বিচারিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।
মানবপাচার ও অবৈধ অভিবাসী চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং পাচারকারী চক্র দমনে যৌথ প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ফৌজদারি অপরাধ তদন্তে দ্রুত তথ্য ও সাক্ষ্য বিনিময়ের লক্ষ্যে ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটারস’ (এমএলএআর) চুক্তির প্রয়োজনীয়তাও তুলে ধরা হয় বৈঠকে।
সন্ত্রাসবাদ ও আর্থিক অপরাধসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকর প্রত্যর্পণ ব্যবস্থা নিয়েও কথা হয়, যাতে অপরাধীরা এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে বিচার এড়াতে না পারে।

আধুনিক পুলিশিং ও অপরাধ তদন্তে প্রশিক্ষণের পরিধি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বৈঠকে। বিশেষ করে সাইবার অপরাধ এবং সংগঠিত অপরাধ দমনে গোয়েন্দা তথ্য বিনিময়ের জন্য নিরাপদ যোগাযোগ মাধ্যম তৈরির বিষয়ে দুই মন্ত্রীই একমত হয়েছেন।

বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন বাড়ানোর আহ্বান জানান। মিয়ানমারের সঙ্গে গঠনমূলক আন্তর্জাতিক সম্পৃক্ততা তৈরিতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আলোচনা হয়।

সন্ত্রাসবাদ, মাদক পাচার, চোরাচালান ও দলিলাদি জালিয়াতি রোধে পাকিস্তান একটি খসড়া চুক্তির প্রস্তাব দিয়েছে। গত বছরের ২৭ অক্টোবরের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ এই খসড়াটি বর্তমানে পর্যালোচনা করছে।
বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় পক্ষই ভবিষ্যতে এ ধরনের দ্বিপক্ষীয় আলোচনা ও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১১:৪৪:০৫ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ