ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

Home Page » জাতীয় » ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬


লোগো গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বঙ্গনিউজ: পুলিশ ক্যাডারের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনের নির্দেশ অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে, অন্যথায় ২৫ নভেম্বর থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবেন।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে একজন ডিআইজি, দুজন অতিরিক্ত ডিআইজি এবং ১৪ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

বদলির আদেশ অনুযায়ী, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গনিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া ঢাকা টিডিএসের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে রংপুর পিটিসিতে এবং এসবির ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

মেট্রোপলিটন ও সিআইডির রদবদলে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন তিন কর্মকর্তা। তারা হলেন—রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, এসবির পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামান এবং চট্টগ্রাম সিএমপির উপ-পুলিশ কমিশনার কবীর আহম্মেদ। অন্যদিকে, সিআইডির পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। আর জিএমপির দুই উপ-পুলিশ কমিশনারের মধ্যে মোহাম্মদ মহিউল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) এবং মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।

প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে পদায়নের ক্ষেত্রে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুর পিটিসির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পাঠানো হয়েছে।

এছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। একই আদেশে পুলিশ টেলিকমের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৫০:০০ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ