মঙ্গলবার ● ১৯ মে ২০২৬
সান দিয়েগোর মসজিদে দুই কিশোরের গুলিতে নিহত তিন
Home Page » প্রথমপাতা » সান দিয়েগোর মসজিদে দুই কিশোরের গুলিতে নিহত তিনযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর ক্লেইরমন্ট এলাকায় একটি ইসলামিক সেন্টার ও মসজিদে বন্দুকধারী দুই কিশোরের গুলিতে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার দুপুর পৌনে ১২টার দিকে এই হামলার পর দুই হামলাকারী নিজেরাও গুলি করে আত্মহত্যা করেছে। হামলাকারীদের একজনের বয়স ১৭ এবং অন্যজনের ১৯ বছর।
সান দিয়েগো কাউন্টির সবচেয়ে বড় এই মসজিদ ক্যাম্পাসে ‘আল রশিদ স্কুল’ নামে একটি ইসলামী বিদ্যালয়ও রয়েছে। হামলার সময় শিশুরা ক্লাসে ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভবনের সামনে গুলিবিদ্ধ তিনজনকে পড়ে থাকতে দেখে। এরপর মসজিদ থেকে কিছু দূরে একটি গাড়ির ভেতর থেকে দুই হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার ওপর থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, পুলিশ যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে তখন শিশুরা একে অপরের হাত ধরে নিরাপদ স্থানে সরে যাচ্ছে। আশপাশের অন্যান্য স্কুলও তাৎক্ষণিকভাবে লকডাউন করা হয়।
নিহতদের মধ্যে মসজিদের একজন নিরাপত্তারক্ষী রয়েছেন, যিনি হামলা প্রতিরোধের চেষ্টা করেন। সান দিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াহল সংবাদ সম্মেলনে বলেন, “তার এই পদক্ষেপ বীরত্বপূর্ণ। নিঃসন্দেহে তিনি আজ অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছেন।” এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি সেমি-অটোমেটিক অস্ত্র থেকে প্রায় ৩০ রাউন্ড গুলির শব্দ শুনেছেন।
হামলার প্রায় দুই ঘণ্টা আগে এক সন্দেহভাজন কিশোরের মা পুলিশকে ফোন করে জানান, তার ছেলে বেশ কয়েকটি বন্দুক ও গাড়ি নিয়ে বাড়ি থেকে পালিয়েছে এবং আরেকজন সঙ্গে আছে। দুজনই সামরিক ছদ্মবেশী পোশাকে ছিল। বাড়িতে রেখে যাওয়া একটি চিরকুটে ‘সাধারণ বিদ্বেষমূলক বক্তব্য ও উগ্র কথাবার্তা’ লেখা ছিল বলে জানান পুলিশ প্রধান। এফবিআই ঘটনাটিকে বিদ্বেষমূলক অপরাধ হিসেবে তদন্ত করছে এবং সাধারণ নাগরিকদের কাছে তথ্য চেয়েছে।
ইসলামিক সেন্টার অব সান দিয়েগোর পরিচালক ইমাম ত্বহা হাসান বলেন, “কোনো উপাসনালয়কে লক্ষ্যবস্তু করা অত্যন্ত জঘন্য। এই স্থাপনাটি একটি উপাসনালয়, কোনো যুদ্ধক্ষেত্র নয়।”
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম বলেছেন, এটি এমন একটি জায়গা যেখানে পরিবার ও শিশুরা শান্তিতে উপাসনা করে। ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ক্যালিফোর্নিয়া সহ্য করবে না বলে জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাটিকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করে বলেন, “আমরা এই বিষয়টি খুব জোরালোভাবে খতিয়ে দেখব।”
সূত্র: বিবিসি, সিবিএস
বাংলাদেশ সময়: ১১:২৭:৫৯ ● ১৩ বার পঠিত