মঙ্গলবার ● ২৬ মে ২০২৬

কালিয়াকৈরে গভীর রাতে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য প্রাণে রক্ষা দাদী-নাতনির

Home Page » প্রথমপাতা » কালিয়াকৈরে গভীর রাতে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য প্রাণে রক্ষা দাদী-নাতনির
মঙ্গলবার ● ২৬ মে ২০২৬


---

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈর উপজেলা উপজেলার ৮নং আটাবহ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শাহবাজপুর পূর্বপাড়া গ্রামে গভীর রাতে একটি বসতঘরে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এক বৃদ্ধা ও তার চার বছরের নাতনি।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (২৪ মে ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে কতিপয় দুর্বৃত্ত আহাম্মদ আলীর বাড়ির জানালার গ্রীলের ফাঁক দিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। সে সময় ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন আহাম্মদ আলীর স্ত্রী ও তার চার বছরের নাতনি।

হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ঘরের চাদর, বালিশ, মশারি ও জানালার পর্দা পুড়ে যায়। আগুনের তাপ অনুভব করে বৃদ্ধা চিৎকার শুরু করলে পাশের ঘরে থাকা আহাম্মদ আলীর ছেলের দুই স্ত্রী দ্রুত ছুটে এসে দাদী ও নাতনিকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

স্থানীয়দের ধারণা, এলাকার কিছু মাদকাসক্ত দুর্বৃত্ত এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

এলাকাবাসী জানান, এর আগেও একই বাড়িতে দুই দফা ডাকাতির ঘটনা ঘটে। সে সময় দুর্বৃত্তরা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ধারাবাহিক এসব ঘটনায় পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

---

ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান প্রার্থী জনাব বশির আহমেদ, ৮নং আটাবহ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট তোফাজ্জল হোসাইন, ইঞ্জিনিয়ার মনিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১:০১:২১ ● ৩৮ বার পঠিত