মঙ্গলবার ● ২৬ মে ২০২৬

বেনিয়ামিন নেতানিয়াহুকে হঠাৎ হাসপাতালে নেওয়া হলো

Home Page » জাতীয় » বেনিয়ামিন নেতানিয়াহুকে হঠাৎ হাসপাতালে নেওয়া হলো
মঙ্গলবার ● ২৬ মে ২০২৬


সংগৃহীত ছবি-বেনিয়ামিন নেতানিয়াহু বঙ্গনিউজ: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হঠাৎ হাসপাতালে নেওয়ার খবরে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় তাকে জেরুজালেমের হাদাসাহ আইন কেরেম মেডিকেল সেন্টারে নেওয়া হয় বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম। খবর দ্য টাইমস অফ ইসরায়েল।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের দাবি, দাঁতের চিকিৎসার জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর শারীরিক অবস্থা নিয়ে যে প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে ঘটনাটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

৭৬ বছর বয়সী নেতানিয়াহুর স্বাস্থ্যগত নানা বিষয় গত কয়েক বছরে বারবার খবরের শিরোনাম হয়েছে। এর আগে তার শরীরে পেসমেকার স্থাপন, হার্নিয়ার অস্ত্রোপচার এবং প্রোস্টেট টিউমার অপসারণের তথ্য প্রকাশ্যে আসে।

গত মাসে তিনি নিজেই সামাজিক মাধ্যমে জানান, ক্যানসারজনিত টিউমারের জন্য সফল অস্ত্রোপচার করানো হয়েছে। তবে সেই চিকিৎসা কবে শুরু হয়েছিল বা কতদিন ধরে চলেছে—সে বিষয়ে স্পষ্ট তথ্য দেওয়া হয়নি।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত তথ্য গোপন রাখার অভিযোগ আগেও উঠেছিল। বিশেষ করে ২০২৩ সালে পেসমেকার বসানোর সময় প্রথমে বলা হয়েছিল তিনি পানিশূন্যতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। পরে চিকিৎসকরা জানান, তার শরীরে হৃদযন্ত্র পর্যবেক্ষণের জন্য বিশেষ মনিটরও স্থাপন করা হয়েছিল।

সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও ইরান ইস্যুতে উত্তেজনার মধ্যেই নেতানিয়াহুর হাসপাতালে যাওয়ার খবর সামনে এলো। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিষয়টি শুধু স্বাস্থ্যগত নয়, বরং ইসরাইলের নেতৃত্ব ও নিরাপত্তা রাজনীতির দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় জনগণকে আশ্বস্ত করে বলেছে, নেতানিয়াহুর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উদ্বেগের কোনো কারণ নেই।

বাংলাদেশ সময়: ২১:১২:১৯ ● ৭ বার পঠিত