বৃহস্পতিবার ● ২৮ মে ২০২৬

অবশেষে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামক মহিষটির স্থান হলো চিড়িয়াখানায়

Home Page » জাতীয় » অবশেষে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামক মহিষটির স্থান হলো চিড়িয়াখানায়
বৃহস্পতিবার ● ২৮ মে ২০২৬


সংগৃহীত ছবি-‘ডোনাল্ড ট্রাম্প’ নামক মহিষ বঙ্গনিউজ: বিরল প্রজাতির ও আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। বিশেষ শারীরিক বৈশিষ্ট্যের কারণে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই প্রাণীটিকে জবাই না করে দর্শনার্থীদের জন্য বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার বিকেলে কেরানীগঞ্জে মহিষটির মালিকের বাড়িতে গিয়ে পুলিশ এই সরকারি নির্দেশনার কথা জানায়।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এই বিরল প্রজাতির মহিষটির যথাযথ পরিচর্যার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। মাথায় ঢেউখেলানো গোলাপি চুলের কারণে রয়টার্স, এএফপি এবং দ্য টেলিগ্রাফের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতেও এই মহিষটিকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। চার বছর বয়সী এই প্রাণীটির ওজন প্রায় ৬৮০ কেজি বা দেড় হাজার পাউন্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের শৈলীর সঙ্গে সাদৃশ্য থাকায় এটি ব্যাপক পরিচিতি পায়।

বিরল এই প্রাণীটিকে সংরক্ষণের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এটি ব্যক্তিগতভাবে কিনে নিয়েছেন। মহিষটির বিনিময়ে বর্তমান মালিক মনিরুজ্জামানকে সমপরিমাণ অর্থ অথবা বিকল্প কোনো পশু দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মিরপুরের জাতীয় চিড়িয়াখানার কিউরেটর চিকিৎসক মো. আতিকুর রহমান জানান, মহিষটিকে চিড়িয়াখানায় প্রাথমিকভাবে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে রেখে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এই সময়ে তাকে বেশি পরিমাণে ছোলা ও ভুট্টা খেতে দেওয়া হবে।

জেনেটিক কারণে মেলানিন ঘাটতিসম্পন্ন এই অ্যালবিনো মহিষটি এর আগে গত সোমবার নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জিয়াউদ্দিন মৃধার রাবেয়া অ্যাগ্রো ফার্ম থেকে কেরানীগঞ্জে নেওয়া হয়েছিল। কিউরেটর আতিকুর রহমান আরও জানান, একই বংশের মধ্যে প্রজনন বা ইন ব্রিডিংয়ের কারণে প্রতি ১০ হাজারে একটি প্রাণীর ক্ষেত্রে এমন মেলানিন ঘাটতি দেখা দিতে পারে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রাণীটির জন্য ইতিমধ্যে একটি বড় শেড প্রস্তুত করেছে।

বাংলাদেশ সময়: ১০:৫৬:০৫ ● ১২ বার পঠিত