রবিবার ● ৭ জুন ২০২৬

আট বছরের রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

Home Page » জাতীয় » আট বছরের রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ
রবিবার ● ৭ জুন ২০২৬


আসামি সোহেল রানা  এবং তার স্ত্রী স্বপ্না আক্তার

মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার বহুল আলোচিত মামলার রায় আজ রবিবার ঘোষণা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এই রায় দেবেন।
রায় ঘোষণা উপলক্ষে আজ সকালে মামলার প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়েছে। বর্তমানে তাদের মহানগর হাজতখানায় রাখা হয়েছে। গত বৃহস্পতিবার যুক্তিতর্ক শেষে আজকের দিন রায়ের জন্য ধার্য করেছিলেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, নিহত রামিসা স্থানীয় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকালে ঘর থেকে বের হলে আসামি স্বপ্না আক্তার তাকে কৌশলে নিজেদের কক্ষে নিয়ে যান। এরপর সেখানে রামিসাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়।
মেয়ের খোঁজ না পেয়ে তার মা আসামিদের ঘরের সামনে রামিসার জুতা দেখতে পান। ডাকাডাকিতে সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরের ভেতর থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেওয়ার পর পুলিশ এসে স্বপ্নাকে আটক করে এবং প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

এই নৃশংস ঘটনায় ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে রেকর্ড গড়ে মাত্র ৫ দিনের মাথায় — ২৪ মে — পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত ১ জুন আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। মামলায় মোট ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের জবানবন্দি শেষে আজ এই রায় দিচ্ছেন আদালত।

বাংলাদেশ সময়: ১০:৫৫:১৭ ● ১৯ বার পঠিত