দিনাজপুর সেক্টরের অধীন দুই সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে লোকজন প্রবেশ করানোর (পুশইন) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরে হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত এবং হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে পৃথক দুটি ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, ভোর সাড়ে ৩টার দিকে হাকিমপুরের ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে পাঁচজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বর্ডার সিকিউরিটি ফোর্স(বি এস এফ) বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে বাধা দিলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সরিয়ে নেয় বিএসএফ।
এ বিষয়ে জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, ঘটনার পরপরই সীমান্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। সেখানে অস্থায়ী ক্যাম্প স্থাপনের পাশাপাশি অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে, যাতে কোনোভাবেই সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের ঘটনা ঘটতে না পারে।
অন্যদিকে, একই সময়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত দিয়ে আরও ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয় বলে জানিয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। তাদের মধ্যে তিনজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু ছিলেন। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।
দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলমান রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।