বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হতে চান এমবাপ্পে

Home Page » খেলা » বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হতে চান এমবাপ্পে
বুধবার ● ১০ জুন ২০২৬


বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হতে চান এমবাপ্পে

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে আলোচনার বড় একটি অংশজুড়ে রয়েছে সম্ভাব্য সর্বোচ্চ গোলদাতার প্রশ্ন। কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড, লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো—ফুটবল বিশ্বের বড় বড় তারকাদের ঘিরেই চলছে হিসাব-নিকাশ। তবে নিজের সামর্থ্য নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তার বিশ্বাস, টুর্নামেন্ট শেষে সর্বাধিক গোলদাতার তালিকায় শীর্ষে থাকতে পারেন তিনিই।

সম্প্রতি ইনস্টাগ্রামে কনটেন্ট ক্রিয়েটর ফিন আগোস্টিনেলি ও সোরারে আয়োজিত এক র‌্যাপিড-ফায়ার প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এমবাপ্পে। সেখানে তাকে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে তিনি রোনালদোর পক্ষেই মত দেন।

বিশ্বকাপজয়ী মেসিকে পেছনে রেখে রোনালদোকে বেছে নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। যদিও এমবাপ্পে এর আগেও একাধিকবার জানিয়েছেন, ছোটবেলা থেকেই পর্তুগিজ এই তারকাকে অনুসরণ করে বড় হয়েছেন তিনি।

২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে দুর্দান্ত হ্যাটট্রিক করেও শিরোপা হাতছাড়া করার স্মৃতি এখনো ভুলতে পারেননি এমবাপ্পে। সেই ম্যাচের প্রসঙ্গ টেনে তিনি স্বীকার করেন, ফাইনালের ভিডিও পুনরায় দেখতে খুব একটা স্বস্তি পান না, কারণ তা তাকে হতাশার মুহূর্তগুলো মনে করিয়ে দেয়।

একই প্রশ্নোত্তর পর্বে নিজের সঙ্গে রোনালদোর তুলনা করতে বলা হলে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকেই এগিয়ে রাখেন ফরাসি ফরোয়ার্ড। পাশাপাশি তিনি জানান, ভবিষ্যতে রোনালদোর অনেক কীর্তিও ছাড়িয়ে যেতে চান।

রিয়াল মাদ্রিদে সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের প্রতিও আস্থা রেখেছেন এমবাপ্পে। তার বিশ্বাস, আসন্ন বিশ্বকাপে ভিনিসিয়ুস লামিন ইয়ামাল ও হ্যারি কেইনের তুলনায় বেশি গোল করতে পারেন।

২০২৬ বিশ্বকাপ এমবাপ্পের ক্যারিয়ারে বিশেষ গুরুত্ব বহন করছে। বর্তমানে বিশ্বকাপে তার গোলসংখ্যা ১২, ফলে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের সর্বকালের রেকর্ড স্পর্শ কিংবা ভেঙে দেওয়ার সুযোগও রয়েছে তার সামনে।

অন্যদিকে, এবারের বিশ্বকাপ লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে। এটি দুজনেরই রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ হতে যাচ্ছে। বিশ্বকাপ ইতিহাসে মেসির গোল ১৩টি, আর রোনালদোর ৮টি। তবে নকআউট পর্বে এখনো গোলের দেখা না পাওয়ার আক্ষেপ রয়ে গেছে পর্তুগিজ অধিনায়কের।

সব মিলিয়ে বিশ্বকাপের আগে গোলদাতাদের লড়াই নিয়ে আগ্রহ বাড়ছে প্রতিদিন। আর সেই দৌড়ে নিজের নামটিই সবচেয়ে ওপরে দেখতে চান এমবাপ্পে।

বাংলাদেশ সময়: ১১:৩৬:৫২ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ