বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬
রাতভর রুশ হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ৮
Home Page » প্রথমপাতা » রাতভর রুশ হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ৮ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত আটজন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে চালানো এ হামলায় রাজধানীর বিভিন্ন আবাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার কয়েক ঘণ্টা আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্ভাব্য বড় ধরনের রুশ হামলার আশঙ্কার কথা জানিয়ে দেশবাসীকে সতর্ক করেছিলেন। এরপরই রাতভর বিস্ফোরণে কেঁপে ওঠে কিয়েভ।
কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, শহরের প্রায় তিন ডজন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বেশ কয়েকজন বাসিন্দা।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, একটি নয়তলা আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত লাগলে সেখানে উদ্ধার অভিযান শুরু করা হয়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা কিয়েভের মধ্য ও পূর্বাঞ্চলে এক ডজনের বেশি বিস্ফোরণের শব্দ শুনেছেন। একই সময়ে ইউক্রেনের বিমান বাহিনী রাজধানীমুখী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিষয়ে সতর্কতা জারি করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যায়, বিমান হামলা থেকে বাঁচতে শত শত মানুষ ভূগর্ভস্থ মেট্রো স্টেশন ও নিরাপদ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।
এর আগে আয়ারল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার ঘোষণা দেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ডাবলিনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া নতুন করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়েছে। এ কারণেই তিনি দ্রুত ইউক্রেনে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় জেলেনস্কি দেশবাসীকে বিমান হামলার সতর্কসংকেত মেনে চলা, নিরাপদ আশ্রয়ে অবস্থান করা এবং বিশেষ করে শিশু ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি আরও অভিযোগ করেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন পর্যায়ে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে। জেলেনস্কির দাবি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পাশাপাশি পুরো ইউরোপের নিরাপত্তার জন্যও হুমকি সৃষ্টি করছেন।
এদিকে ইউক্রেনে নতুন করে রুশ হামলার পর প্রতিবেশী ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য পোল্যান্ড সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে যুদ্ধবিমান আকাশে মোতায়েন করেছে।
সূত্র: আল জাজিরা।
বাংলাদেশ সময়: ১০:৫৯:০৩ ● ১৮ বার পঠিত