গ্যাস বিলের নামে প্রতারণা, গ্রাহকদের সতর্ক করল তিতাস গ্যাস

Home Page » জাতীয় » গ্যাস বিলের নামে প্রতারণা, গ্রাহকদের সতর্ক করল তিতাস গ্যাস
বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬


---

গ্যাস বিল আদায়ের নামে গ্রাহকদের প্রতারণার ফাঁদে ফেলছে একটি সংঘবদ্ধ চক্র। এ ধরনের প্রতারণা থেকে গ্রাহকদের সতর্ক থাকতে জরুরি সতর্কবার্তা জারি করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতারকরা নিজেদের কোম্পানির কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের মোবাইল ফোনে কল করছে। তারা বকেয়া গ্যাস বিল পরিশোধের কথা বলে ভয়ভীতি প্রদর্শন করছে এবং বিল পরিশোধের জন্য বিভিন্ন ব্যক্তিগত বিকাশ নম্বরে টাকা পাঠাতে চাপ দিচ্ছে।

এ বিষয়ে তিতাস গ্যাস স্পষ্টভাবে জানিয়েছে, কোনো অবস্থাতেই ব্যক্তিগত বিকাশ বা অন্য কোনো ব্যক্তিগত মোবাইল নম্বরে গ্যাস বিল পরিশোধ করা যাবে না।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাস বিল শুধুমাত্র তিতাস গ্যাসের অনুমোদিত ব্যাংক এবং সরকারি অনুমোদিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস— বিকাশ, রকেট, উপায় ও ট্যাপ–এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

গ্রাহকদের আরও সচেতন থাকার আহ্বান জানিয়ে তিতাস গ্যাস বলেছে, সন্দেহজনক কোনো ফোনকল বা আর্থিক লেনদেনের অনুরোধ পেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট তিতাস গ্যাস কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে। এছাড়া প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের ভাষ্য, সচেতনতা ও সতর্কতাই এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে কার্যকর উপায়। তাই অপরিচিত কারও কথায় বিভ্রান্ত না হয়ে নির্ধারিত ও নিরাপদ মাধ্যমেই গ্যাস বিল পরিশোধ করার জন্য সকল গ্রাহকের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তথ্যসূত্র: তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বাংলাদেশ সময়: ১১:২২:০৫ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ