
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেহরানের উদ্দেশে রওনা হন।
জানা গেছে, ইরানে অবস্থানকালে স্পিকার জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নেবেন। সফর শেষে আগামী ৪ জুলাই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। তিনি ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের নতুন রাষ্ট্রব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন খামেনি। ১৯৮০ সালে তিনি স্বল্প সময়ের জন্য দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। একই বছর শুরু হওয়া ইরান-ইরাক যুদ্ধের সময় তিনি ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৮৯ সালে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্তে আলী খামেনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর দীর্ঘ সময় ধরে তিনি ইরানের রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় নেতৃত্বের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে দায়িত্ব পালন করেন।
স্পিকারের এ সফরকে বাংলাদেশ ও ইরানের কূটনৈতিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।