
সরকারি অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, বিষয়বস্তু ও জনসচেতনতামূলক বার্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান, প্রকল্প বা কর্মসূচির প্রচারে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন কিংবা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি—থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে—ব্যবহার করা যাবে না।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, সরকারি প্রচারসামগ্রী এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে সংশ্লিষ্ট কর্মসূচির উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরা যায়। নকশা ও উপস্থাপনায় অপ্রয়োজনীয় উপাদান পরিহার করে তথ্যভিত্তিক ও সামঞ্জস্যপূর্ণ ডিজাইন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এ নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর, অধিদপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতি নতুন নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।