বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় রায়: ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশ

Home Page » জাতীয় » প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় রায়: ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশ
বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬


প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় রায়: ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালত ৪৬ হাজার ১৯৯ পরীক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দেওয়ার পাশাপাশি রিটকারী ১৫১ জনকে আগামী ৬০ দিনের মধ্যে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়েছে, ২০২৩ সালে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল কোটা পদ্ধতির পরিবর্তে মেধার ভিত্তিতে পুনর্মূল্যায়ন করে পুনরায় প্রকাশ করতে হবে। একই সঙ্গে মামলার রিটকারী ১৫১ জনকে ৬০ দিনের মধ্যে নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করা জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, ২০২৩ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সে সময় বিদ্যমান কোটা ব্যবস্থার ভিত্তিতে প্রায় ৮৪ শতাংশ নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে কোটা ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের আলোকে রিট আবেদনকারীরা দাবি করেন, নিয়োগ সম্পূর্ণ মেধার ভিত্তিতে হওয়া উচিত।

তিনি বলেন, হাইকোর্ট এর আগে ওই নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করে ১৫১ জন রিটকারীকে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করলেও আপিল বিভাগ চূড়ান্ত রায়ে হাইকোর্টের মূল সিদ্ধান্ত বহাল রেখে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।

আদালতের প্রথম নির্দেশনায় বলা হয়েছে, রিটকারী ১৫১ জনকে আগামী ৬০ দিনের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ দিতে হবে।

দ্বিতীয় নির্দেশনায় বলা হয়েছে, ওই নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া ৪৬ হাজার ১৯৯ পরীক্ষার্থীর ফলাফল সুপ্রিম কোর্টের কোটা-সংক্রান্ত রায়ের আলোকে পুনরায় মূল্যায়ন করে প্রকাশ করতে হবে।

তৃতীয় নির্দেশনায় আদালত জানিয়েছেন, মামলাটি চলাকালে ইতোমধ্যে নিয়োগপ্রাপ্ত ৬ হাজার ৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগ বহাল থাকবে। ন্যায়বিচারের স্বার্থে তাদের নিয়োগ বাতিল করা হবে না।

আইনজীবীদের মতে, আপিল বিভাগের এই রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন দিকনির্দেশনা তৈরি করবে। একই সঙ্গে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থাকে আরও সুসংহত করার ক্ষেত্রে এ রায় গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হবে।

বাংলাদেশ সময়: ১২:৩৭:৫৫ ● ১৮ বার পঠিত