মোটরসাইকেল চাপা দেওয়ার চেষ্টা, গাজীপুরে বোম্বে সুইটসের এসআরকে মারধরের অভিযোগ

Home Page » প্রথমপাতা » মোটরসাইকেল চাপা দেওয়ার চেষ্টা, গাজীপুরে বোম্বে সুইটসের এসআরকে মারধরের অভিযোগ
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬


 ---

গাজীপুর সংবাদদাতা: গাজীপুর মহানগরের কাশিমপুরে ইঁদুরে কাটা চিপস ফেরত না নেওয়াকে কেন্দ্র করে বোম্বে সুইটস কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে (এসআর) মোটরসাইকেল চাপা দেওয়ার চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে এক দোকানির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সজীব কাজী (২৬) কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সজীব কাজী বোম্বে সুইটস কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে বিভিন্ন দোকানে পণ্য সরবরাহ ও অর্ডার সংগ্রহের কাজ করেন। প্রায় দুই সপ্তাহ আগে অর্ডার সংগ্রহের জন্য সারদাগঞ্জ-সুলতান মার্কেটের নাদিম স্টোরে গেলে দোকানি নাদিম (৪০) তার দোকানে থাকা কোম্পানির কিছু চিপস ইঁদুরে কেটে নষ্ট করার বিষয়টি সজীবকে জানান।

সজীবের দাবি, কোম্পানির নিয়ম অনুযায়ী ইঁদুরে কাটা বা নষ্ট হওয়া পণ্য ফেরত নেওয়ার সুযোগ নেই। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সমাধানের চেষ্টা করবেন বলে তিনি দোকানিকে আশ্বস্ত করেন।

এর ধারাবাহিকতায় আজ শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে সজীব সারদাগঞ্জ-সুলতান মার্কেট এলাকায় পণ্যের অর্ডার সংগ্রহ করতে গেলে দোকানি নাদিম তার মোটরসাইকেলটি ইচ্ছাকৃতভাবে সজীবের দিকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনার কারণ জানতে চাইলে নাদিম তাকে গালিগালাজ করতে থাকেন। গালিগালাজ করতে নিষেধ করলে নাদিম সজীবকে টানা-হেঁচড়া করে চড়-থাপ্পড়, কিল-ঘুষিসহ মারধর করেন। একপর্যায়ে সজীব চিৎকার করলে তাকে ভয়ভীতি দেখানো এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জানান তিনি।

এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন জানান , অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:২১:৫৩ ● ৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ