বঙ্গনিউজ: সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে-স্কেল ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো সময় নতুন পে-স্কেল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
নতুন পে-স্কেল কবে ঘোষণা হতে পারে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুখ্যসচিব বলেন, পে-স্কেল বিবেচনাধীন আছে এবং সরকারের কমিটমেন্ট আছে। এটা আমরা বাস্তবায়ন করব। এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে।
সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য এর আগে পে-কমিশন গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। কমিশন তাদের সুপারিশসংবলিত প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়।
পরবর্তীতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পে-কমিশনের সুপারিশ পর্যালোচনা ও বাস্তবায়নের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে ওই সচিব কমিটিও তাদের প্রতিবেদন চূড়ান্ত করেছে।
সচিব কমিটির সুপারিশ অনুযায়ী, নতুন বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। প্রথম বছরে সরকারি কর্মচারীদের মূল বেতন এবং পরবর্তী বছরে বিভিন্ন ভাতা বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।
এখন সচিব কমিটির সুপারিশ মন্ত্রিসভায় পর্যালোচনার পর নতুন পে-স্কেল কীভাবে ও কখন বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।