পিএসসির সদস্য হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা সুলতানা

Home Page » জাতীয় » পিএসসির সদস্য হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা সুলতানা
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬


অধ্যাপক ড. শামীমা সুলতানা

বঙ্গনিউজঃ  অধ্যাপক ড. শামীমা সুলতানা বাংলাদেশ কর্মকমিশন সচিবালয়ে সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন । ২৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি তাঁকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন।
অধ্যাপক ড. শামীমা সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন অধ্যাপক ও গবেষক। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে তাঁর শিক্ষকতা জীবন শুরু হয়। পরবর্তী সময়ে তিনি সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ২০২২ সালের ৩০ জানুয়ারি বাংলা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র মধ্যযুগের বাংলা সাহিত্য, মঙ্গলকাব্য, বাংলা ছোটগল্প ও লোকসংস্কৃতি। তিনি ‘মধ্যযুগের বাংলা কাব্যে চৌতিশা’ শীর্ষক গবেষণার জন্য এমফিল এবং ‘মধ্যযুগের মঙ্গলকাব্যে লোকসংস্কৃতি’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে ‘মধ্যযুগের বাংলা কাব্যে চৌতিশা’ উল্লেখযোগ্য। বাংলা সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন গবেষণা প্রবন্ধও তাঁর প্রকাশিত হয়েছে।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ শিক্ষকতা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক নেতৃত্বের অভিজ্ঞতায় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অঙ্গনে পরিচিতি অর্জন করেছেন।
২৫ অক্টোবর ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি তাঁকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেন। সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রদত্ত এ নিয়োগের মেয়াদ দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত—যেটি আগে ঘটে।

বাংলাদেশ সময়: ০:৫৬:৫৭ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ