পরমাণু নিরস্ত্রীকরণের অঙ্গীকার গোটা বিশ্বের জন্য একটি বড় অর্জন হবে-গুতেরেস

Home Page » জাতীয় » পরমাণু নিরস্ত্রীকরণের অঙ্গীকার গোটা বিশ্বের জন্য একটি বড় অর্জন হবে-গুতেরেস
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬


ফাইল ছবি-জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বঙ্গনিউজ: যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পক্ষ থেকে কার্যকর পরমাণু নিরস্ত্রীকরণের অঙ্গীকার করা হলে তা গোটা বিশ্বের জন্য একটি বড় অর্জন হবে। তিন পরাশক্তির শীর্ষ নেতাদের মধ্যকার আসন্ন বৈঠকের আগে এই আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) শীর্ষ সম্মেলনের ফাঁকে ফিলিপাইনের ম্যানিলায় এক সংবাদ সম্মেলনে সোমবার তিনি এ কথা বলেন। গুতেরেস বলেন, ‘তিন দেশের নেতারা যদি সত্যিই অর্থপূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণে নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ করেন, তবে তা বিশ্বের জন্য আরও বড় এক অর্জন হবে।’ বিশ্ব কেবল তখনই সম্পূর্ণ নিরাপদ হবে, যখন এটি পারমাণবিক অস্ত্রমুক্ত হবে বলেও তিনি উল্লেখ করেন।

যেকোনো পরমাণু নিরস্ত্রীকরণ উদ্যোগে যুক্ত হতে এবং এর সাফল্য নিশ্চিত করতে অবদান রাখতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলে জানান গুতেরেস। তবে এই ধরনের কোনো ফল আসার বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে তিনি সতর্ক করে দেন।

একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন বর্তমান পরিস্থিতি অবসানে একটি কার্যকর কূটনৈতিক প্রক্রিয়ার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, এই পরিস্থিতির কারণে বৈশ্বিক অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়ছে, যার মধ্যে জ্বালানির উচ্চমূল্য এবং সহজে সার পাওয়ার সংকট অন্যতম।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার চীনের শেনঝেন শহরে এক বৈঠকে মিলিত হবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলসের দেওয়া তথ্য অনুযায়ী, এই শীর্ষ সম্মেলনে নেতারা পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯:২৬:০৮ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ