দেশে ফিরলেন লিমন, বুধবার আসছেন বৃষ্টি

Home Page » জাতীয় » দেশে ফিরলেন লিমন, বুধবার আসছেন বৃষ্টি
সোমবার ● ৪ মে ২০২৬


নিহত জামিল আহমেদ লিমন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ অবশেষে দেশে ফিরেছে। সোমবার সকাল ৮টা ৪৭ মিনিটে তাঁর মরদেহবাহী উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গত শনিবার স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি উড়োজাহাজে তাঁর মরদেহ পাঠানো হয়।

দেশে পাঠানোর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ২টায় ফ্লোরিডার টাম্পা বে এলাকার ইসলামিক সোসাইটিতে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা জানাজায় শরিক হন।

গত ১৬ এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি একসঙ্গে নিখোঁজ হন। আট দিন পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। কয়েক দিনের ফরেনসিক পরীক্ষার পর ৩০ এপ্রিল বৃষ্টির মরদেহও শনাক্ত হয়।
হিলসবোরো কাউন্টি আদালতে দাখিল করা নথি অনুযায়ী, লিমনকে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে হত্যা করা হয়েছে। এই দ্বৈত হত্যাকাণ্ডে অভিযুক্ত লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।

আগামী বুধবার (৬ মে) বাদ জোহর যুক্তরাষ্ট্রে নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানিয়েছেন, পরিবারের অনুরোধে বৃষ্টির মরদেহ দ্রুত দেশে পাঠাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:১০:১৯ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ