এবার লঞ্চ ভাড়াও বাড়ল

Home Page » জাতীয় » এবার লঞ্চ ভাড়াও বাড়ল
বৃহস্পতিবার ● ৭ মে ২০২৬


এবার লঞ্চভাড়াও বাড়ল

জ্বালানি তেলের দামবৃদ্ধির ধাক্কা এবার নৌপথের যাত্রীদের গায়েও লাগল। বাসভাড়া বৃদ্ধির পর এবার লঞ্চভাড়াও বাড়াল সরকার। গতকাল বুধবার নৌ পরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এবং নতুন ভাড়া ৫ মে থেকেই কার্যকর বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৭৭ পয়সা থেকে ১৮ পয়সা বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে ১৪ পয়সা বেড়ে ২ টাকা ৫২ পয়সা হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩২ টাকা করা হয়েছে।
শতাংশের হিসাবে কম দূরত্বে ভাড়া বেড়েছে ৬ দশমিক ৪৯ শতাংশ এবং বেশি দূরত্বে ৫ দশমিক ৮৮ শতাংশ।

গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রল ১৯ টাকা ও কেরোসিন ১৮ টাকা বেড়ে নতুন দাম ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়। এরপরই পরিবহন মালিক ও শ্রমিকরা ভাড়া বাড়ানোর দাবিতে সরকারের সঙ্গে একাধিক বৈঠকে বসেন।
পরে ২৩ এপ্রিল ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এবার একই পথ অনুসরণ করল নৌ পরিবহন মন্ত্রণালয়ও।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন বিধিমালা ২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী এই ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৫২:২৩ ● ৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ