শুভেন্দু মুখ্যমন্ত্রী, বিরোধীদলীয় নেতা শোভনদেব

Home Page » প্রথমপাতা » শুভেন্দু মুখ্যমন্ত্রী, বিরোধীদলীয় নেতা শোভনদেব
রবিবার ● ১০ মে ২০২৬


বিরোধীদলীয় নেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস

দেড় দশকেরও বেশি সময় পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকার পর এবার বিরোধী আসনে বসতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে বড় পরাজয়ের পর দলটি নতুন বিধানসভা দলের কাঠামো ঘোষণা করেছে। শনিবার রাতে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পাচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। চিফ হুইপ হবেন ফিরহাদ হাকিম এবং ডেপুটি লিডার হিসেবে দায়িত্ব পেয়েছেন অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়।

গত ৪ মে ঘোষিত নির্বাচনের ফলাফলে ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি ২০৭টি আসনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তৃণমূল কংগ্রেস পায় মাত্র ৮০টি আসন। এই ফলের মধ্য দিয়ে রাজ্যের রাজনীতিতে একটি বড় পটপরিবর্তন ঘটে গেল।

শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির শীর্ষ নেতারা। দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকসহ আরও কয়েকজন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ২০২১ সাল থেকে বিধানসভায় বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করা শুভেন্দু অধিকারীই হলেন রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী।

এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত লড়াইটি হয়েছিল কলকাতার ভবানীপুর কেন্দ্রে। সেখানে তৃণমূল নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ফল পশ্চিমবঙ্গের রাজনীতিতে গভীর পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।

বিশ্লেষকদের মতে, সংগঠন পুনর্গঠন এবং বিধানসভায় শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখাই এখন তৃণমূলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নতুন নেতৃত্ব কাঠামো ঘোষণার মধ্য দিয়ে দলটি সেই বার্তাই দিতে চাইছে।
সূত্র: দ্য ওয়াল

বাংলাদেশ সময়: ১১:২২:৪৩ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ