ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

Home Page » জাতীয় » ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট
রবিবার ● ১৭ মে ২০২৬


অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে এই কার্যক্রমে সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের নির্দেশনাও চাওয়া হয়েছে।
রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন।

রিটে ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল, সৈয়দ রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূর জাহান বেগম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ সব সাবেক উপদেষ্টা এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিগত সহকারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককেও বিবাদী করা হয়েছে।

এর আগে গত ৬ এপ্রিল একই বিষয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছিলেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম। সেসময় তিনি জানান, সারা দেশে বহু আগেই নির্মূল হওয়া রোগ হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অগণিত শিশু ও সাধারণ নাগরিক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
তাঁর অভিযোগ, হামের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে সরিয়ে দেওয়ার এই ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ই দেশে হামের প্রকোপ ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে রিটে।

বাংলাদেশ সময়: ১৪:২০:৩৭ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ