আমের বাজারসংলগ্ন ব্যাংক শাখাগুলো শনিবারও খোলা রাখার নির্দেশ

Home Page » অর্থ ও বানিজ্য » আমের বাজারসংলগ্ন ব্যাংক শাখাগুলো শনিবারও খোলা রাখার নির্দেশ
শুক্রবার ● ২৬ জুন ২০২৬


আমের বাজার,রাজশাহী বঙ্গনিউজ: চলমান আম মৌসুমে ব্যবসায়ীদের আর্থিক লেনদেন নির্বিঘ্ন করতে বৃহত্তর রাজশাহী অঞ্চলের আমের বাজারসংলগ্ন ব্যাংক শাখাগুলো সাপ্তাহিক ছুটির দিন শনিবারও খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল বাংলাদেশ ব্যাংকের এসডিএডি বিভাগের পরিচালক মো. আবদুল মান্নান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ জুলাই পর্যন্ত সীমিত পরিসরে বৃহত্তর রাজশাহী অঞ্চলের আমের বাজারসংলগ্ন ব্যাংক শাখা ও উপশাখাগুলো খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আম ব্যবসার মৌসুমে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়ে থাকে। ব্যবসায়ীদের নগদ অর্থ জমা ও উত্তোলনের সুবিধা নিশ্চিত করা, পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ বজায় রাখা এবং নগদ অর্থ সংরক্ষণজনিত ঝুঁকি কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেসব এলাকায় শনিবার ব্যাংক খোলা থাকবে, সেগুলোর মধ্যে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা; নওগাঁ জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা; পাশাপাশি রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী আমের বাজারসংলগ্ন ব্যাংক শাখা।

কেন্দ্রীয় ব্যাংক আরও নির্দেশ দিয়েছে, ছুটির দিনে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সময় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সময়: ৫:৩১:৪০ ● ৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ